বিশেষ সংবাদদাতা:
‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
টাঙ্গাইল সদরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জ্ঞান সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও জীবনধারা। তাদের ঐতিহ্য ও জীবনযাপন সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষা’। এই প্রতিপাদ্যের আলোকে আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও সুস্থতা রক্ষায় তাদের ঐতিহ্যগত জ্ঞান এবং বিশেষ করে আদিবাসী ধাত্রীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও ঐতিহ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
দেশ বাংলা টিভি ডেক্স